গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইলে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়ন (এসআরবি)-১, সিপিএসসি, গাজীপুর।
শনিবার (৭ নভেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে পূবাইল থানাধীন খিলগাঁও এলাকার খোকন ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আরিফুল ইসলাম (২৮) ও মো. সজিব (২৮)। তাদের উভয়ের স্থায়ী বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার পূর্ব কলাবান্দা বেপারীপাড়া এলাকায়। বর্তমানে তারা গাজীপুরের কালিয়াকৈর থানাধীন মৌচাক উত্তরপাড়ায় আল আমিন নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
এসআরবি সূত্রে জানা যায়, সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১, সিপিএসসি, গাজীপুরের একটি আভিযানিক দল খিলগাঁও এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।