আসিফ রায়হান:
গাজীপুর মহানগরীর পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ সুজন জমাদ্দার (১৯) গ্রেপ্তারের একদিন পর একই মামলার ২ নম্বর আসামি মো. রানা (২৭)কে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) পূবাইল থানাধীন হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পূবাইল থানার এসআই (নিঃ) মো. সাব্বির হোসেন ও এএসআই (নিরস্ত্র) মো. শামসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হায়দরাবাদ পশ্চিমপাড়া এলাকায় জালাল উদ্দিনের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে প্রথমে সুজন জমাদ্দারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, সুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি মো. রানাকে গ্রেপ্তার করা হয়। রানা পূবাইলের হায়দরাবাদ এলাকার আহমদ আলীর ছেলে।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পূবাইল থানা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।